নাজিরপুরে বিএনপি’র চার নেতা-কর্মী গ্রেফতার
জেলার নাজিরপুর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোতাহার হোসেন মোল্লাসহ চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে নাজিরপুর থানা পুলিশ। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, ৮ ফেব্রুয়ারি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মামলার রায়কে ঘিরে নাশকতার আশঙ্কায় মঙ্গলবার থেকে নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়।
মঙ্গলবার রাতে উপজেলার শ্রীরামকাঠী বন্দর থেকে উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোতাহার হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়। এছাড়া ওই রাতে শ্রীরামকাঠী ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মোঃ মিন্টু হাওলাদার ও ওই ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ সামছুল আলম হাওলাদার এবং একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
