নাজিরপুরে সোয়েটার কারখানায় সন্ত্রাসী হামলা ॥ লুটপাট
জেলার নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক সোয়েটার কারখানায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ৪ জনকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৩টার দিকে উপজেলা সদরের পাতিলাখালী গ্রামে।
ঘটনার পর নাজিরপুর থানা পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন কালে পাশর্^বর্তী শাহীন মোল্লার বাড়ী থেকে ওই কারখানা থেকে লুট হওয়া মালামালের মধ্যে আংশিক মালামাল উদ্ধার করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কারখানার মালিক আলমগীর হোসেন জানান, ৩ মাস আগে তিনি গোপালগঞ্জ-পিরোজপুর মহাসড়কের পাশের্^ উপজেলা সদরের পাতিলাখালী এলাকায় ৩ শতক জমি ক্রয় করে সেখানে জেএফ সোয়েটার এন্ড গার্মেন্টস ফ্যাক্টরী নামে একটি কারখানা পরিচালনা করে আসছেন। স্থানীয় মৃত মোক্তার আলী মোল্লার ছেলে আবুল হাসান শাহীন, শাহ আলম মুকুল ও বাদশা মোল্লা দীর্ঘদিন ধরে ওই সম্পত্তি তাদের দাবী করে আলমগীর হোসেনকে বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদান করে আসছে। এ ঘটনায় গত ২৫ জানুয়ারি আলমগীর হোসেন নাজিরপুর থানায় একটি জিডি করেন। বিষয়টি জানতে পেরে প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে ওঠে বলে তিনি দাবী করেন।
শুক্রবার রাতে কাজ শেষে আলমগীর হোসেন তার অপারেটরদের নিয়ে কারখানায় ঘুমিয়ে ছিল। রাত ৩ টার দিকে আবুল হাসান শাহীনের নেতৃত্বে ২০/১৫ জন ভাডাটে সন্ত্রাসী ওই কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে এবং হত্যার উদ্দেশ্যে তাদের মারপিট করে। এ সময় তাদের চিৎকারে পাশর্^বর্তী লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কারখানার ১৬টি মেশিনের মূল্যবান মালমাল ও ৫শ’ পিস তৈরী সোয়েটার, ৪টি মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে যায়। সকালে পুলিশ শাহীনের বসতঘর থেকে লুট করে নেয়া মালের মধ্যে কিছু মালামাল উদ্ধার করেছে।
ঘটনার বিষয়ে আবুল হাসান শাহীন বলেন, ‘ওই জমি মালিক আমরা। ৫০ বছর ধরে আমরা ভোগদখলেও আছি। তারা জবর দখলের চেষ্টা করায় আমি আদালতে মামলা করে রায় পেয়েছি। আদালতের দেয়া নির্দেশনা অমান্য করে তারা সেখানে ঘর করলে বাধ্য হয়ে আমরা তা ভেঙ্গে দিয়েছি। লুটপাটের ঘটনা সত্য নয়।’
নাজিরপুর থানার অফিসার ইনচাজ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়ে ওই রাতেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। উভয় পক্ষের মধ্যে র্দীঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। তবে এ ঘটনায় এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
