কাউখালী ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন সম্পন্ন
প্রতিবছরের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৬টি মাধ্যমিক ও ৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রার্থী থেকে ভোটার সবাই এ নির্বাচনে শিক্ষার্থীরাই। নিয়মানুযায়ী মনোনয়নপত্র তুলে তা দাখিল করে প্রার্থীরা। পরে তারা নিজেদের ছবি সংবলিত ভোটার নম্বর দিয়ে পোস্টার সাঁটিয়ে কর্মী-সমর্থকদের নিয়ে কয়েক দিন ধরে প্রচারণা চালায়। এরপর ভোটের দিন গোপন ব্যালট পেপার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং কর্মকর্তা, পোলিং কর্মকর্তা ও প্রার্থীদের এজেন্ট, ভোট গ্রহণের বুথ, ম্যাজিষ্ট্রেট নিয়োগ দিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেয় ভোটাররা। সবই করেছে খুদে শিক্ষার্থীরা।
নির্বাচনে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তারা হল- ৩য় শ্রেণিতে রুদ্র নীল কর নিলয়, অনিন্দিতা চক্রবর্তী, মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী, সামিয়া আক্তার, মাসরাফিন হোসেন আপন, নুসরাত জাহান সাবা, আল আমিন হাওলাদার।
হোগলা বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচিতরা হল- নুসরাত জাহান শ্রাবনী, নুচাদ হোসেন ফকির, ইয়ামিন খান, নাহিদ সিকদার, মোসাঃ সিফা, মারিয়া আক্তার, রাহুল খান।
কাউখালী সরকারী বালক বিদ্যালয়ে নির্বাচিতরা হল- এস আবীর বড়াল, হাফিজুর রহমান, সোহান খান, আকাশ মজুমদার, মো. রাইফুর রহমান, তাসলিমুল হাসান, আব্দুল্লাহ আল মেহেদী, মুসফিক জাহান জিহান।
কাউখালীর হোগলা বেতকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাবিবুল্লাহ ফকির জানান, নির্বাচিত সদস্যরা স্বাস্থ্য, বন ও পরিবেশ বিষয়ক, পরিস্কার-পরিচ্ছন্নতা, আপ্যায়নসহ সাতটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে।
এ ব্যাপারে কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, এবছর নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে অনেক বেশী উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এস. কে জাবিদ হোসেন জানান, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি বৃদ্ধি, ঝরে পরা রোধ, শিক্ষার মানবৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকান্ডে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করণের লক্ষে প্রতিবারের ন্যায় এবারও ষ্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিশু বয়সেই ভালো নেতৃত্বের গুণাবলী তৈরি হবে
কাউখালী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুস সালাম জানান, জাতীয় নির্বাচনের আদলেই উৎসাহ নিয়েই শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তারা এ নির্বাচন উপভোগ করছে। তাদের ভোটেই প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ জন করে প্রতিনিধি নির্বাচিত হবেন। তাদের মধ্যে একজন হবেন দলনেতা। বাকি ৭ জন থাকবেন সদস্য। নির্বাচিত প্রতিনিধিরা স্কুলের পরিবেশ উন্নয়নে কাজ করবে।
তিনি জানান, সোমবার জেলার ১২টি দাখিল মাদ্রসায় ষ্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে।
