মঠবাড়িয়ায় সাবেক ইউপি সদস্য হত্যার চেষ্টার মামলায় ইউপি সদস্য গ্রেফতার
উপজেলার গুলিসাখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন রাজা হত্যার চেষ্টার মামলায় ইউপি সদস্য আলাউদ্দিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে আলাউদ্দিনকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গুলিসাখালী ইউপি সংরক্ষিত আসনের সদস্য হোসনে আরা হাসির স্বামী সাবেক ইউপি সদস্য এনায়েত হোসেন রাজাকে গত ২১ জানুয়ারী সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জের ধরে বর্তমান ইউপি সদস্য আলাউদ্দিন ও তার দলবল হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে এনায়েত হোসেন রাজা বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার সকালে ইউপি সদস্য হোসনে আরা হাসি বাদী হয়ে আলাউদ্দিনসহ তিন জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামী করে একটি হত্যার চেষ্টা মামলা দায়ের করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতরকৃত ইউপি সদস্য আলাউদ্দিনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা ছাড়াও একাধিক মামলা ও জিডি রয়েছে।
