সুন্দরবনে বিদেশী নাগরিকদের কাছ থেকে জব্দকৃত ড্রোন বিভাগীয় বন কার্যালয়ে
সুন্দরবনের আলোরকোল থেকে বিদেশী নাগরিকদের কাজ থেকে জব্দকৃত ড্রোনটি পূর্ব সুন্দরবনের বিভাগীয় কার্যালয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় এ ড্রোনটি বিভাগীয় কার্যালয়ে আনা হয়। অন্যদিকে, বিদেশী নাগরিকরা সুন্দরবন ছেড়ে তাদের দেশের উদ্দেশ্যে ঢাকায় পৌছেছে বলে জানা গেছে। ট্যুর কোম্পানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে বন কর্মকর্তা। এর আগে ২০১৬ সালের ৩১ জানুয়ারী সুন্দরবনের কটকা এলাকা থেকে ফ্রান্সের নাগরিকদের কাছ থেকে একটি ড্রোন জব্দ করেছিল বন বিভাগ। সেটিও পূর্ব বন বিভাগের অফিসে সংরক্ষিত রয়েছে ।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে পূর্ব সুন্দরবন বিভাগের দুবলা ষ্টেশনের আলোরকোল এলাকায় ভ্রমনে গিয়ে অনুমতি ছাড়া ড্রোন উড্ডয়ন করলে বন বিভাগের কর্মকর্তারা সেটি জব্দ করে। মাবানা টুরিস্ট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠান ৪ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ১২ জন বিদেশী নাগরিকের সুন্দরবন ভ্রমনের অনুমতি নেয়। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে চাঁদপাই রেঞ্জ অফিস এলাকা দিয়ে ১২ জন মালটা নাগরিক সুন্দরবনের বিভিন্ন এলাকা ভ্রমনে যায়। তবে তাদের কোন ধরনের ড্রোন উড্ডয়নের অনুমতি না থাকায় বন বিভাগ তাদের কাছ থেকে ড্রোনটি জব্দ করে।
