ভান্ডারিয়ায় জমি দখল করতে ভিটির ওপর লাশ দাফন
জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামে বিরোধীয় বাড়ির জমি দখল করতে বসত ঘর তোলার জন্য তৈরি করা ভিটির (পোতা) ওপর জবেদা বেগম (৫০) নামের এক মহিলার লাশ দাফন করা হয়েছে।
সরেজমিন সোমবার আতরখালীর মোল্লা বাড়িতে গিয়ে দেখাগেছে মৃত আব্দুল মোল্লার ছেলে আব্দুল গফুর মোল্লার সাথে একই বাড়িতে বসবাসকারি আঃ বারেক মোল্লার দীর্ঘ দিন ধরে বসত বাড়ির সম্মুখের এক খন্ড জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির মালিকানার ব্যাপারে আদালতে আব্দুল গফুর মোল্লা বাদি হয়ে ২০১৬ সালে একটি মামলা দায়ের করেন। মামলা বর্তমানে চলমান রয়েছে। জমির অপর দাবিদার জবেদা বেগম গত ৭ নভেম্বর ইন্তেকাল করলে পর দিন তার স্বামীসহ স্বজনরা গফুর মোল্লার তৈরি ভিটি দখল করতে সেখানে দাফন দেন। এ সময় গফুর মোল্লা ও তার স্ত্রী হামিদা ও ছেলে বাধা দিলে তাদের ওপর মৃত শফিজ উদ্দিন মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা ও বারেক মোল্লাগং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় বৃদ্ধ গফুর মোল্লাকে (৬৫) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহতদের ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে বলে ভান্ডারিয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করে বলেন, পুলিশ মামলার ১ নম্বর আসামি জাহাঙ্গীর মোল্লাকে গ্রেফতার করেছে।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জেরে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় হামলা ও মামলার ঘটনা আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। ভান্ডারিয়ায় এক স্কুল শিক্ষকসহ দু’জন নিহতের ঘটনাও ঘটেছে।
