স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করায় ভান্ডারিয়ায় গৃহশিক্ষককে কারাদন্ড
স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বৃহস্পতিবার রাতে টিটু (টিটব চন্দ্র) কীর্তনিয়া নামের এক গৃহশিক্ষককে ৬ মাসের (বিনাশ্রম) কারাদন্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। টিটু কীর্তনিয়া ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলা বলতলা গ্রামের যতিন চন্দ্র কীর্তনিয়ার ছেলে।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল ইসলাম জানান, ভান্ডারিয়া পৌর শহরের একটি বাড়ীতে প্রাইভেট পড়ানোর সময় ওই বাড়ীর ৫ম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গৃহশিক্ষক টিটু কীর্তনিয়াকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালত (দন্ডবিধি ১৮৬০ এর ৩৫৪ ও ৫০৯ ধারায়) তাকে ৬ মাসের (বিনাশ্রম) কারাদন্ডাদেশ প্রদান করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুদ্দিন গিয়াস। এছাড়াও উক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে এলাকার অনেক স্কুল ছাত্রীদের যৌন হয়রানীর অভিযোগ রয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, গতকাল শুক্রবার দন্ডপ্রাপ্ত ওই শিক্ষককে কারাগারে প্রেরণ করা হয়েছে।
