মঠবাড়িয়ায় দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের দাবী নাগরিক কমিটির
উপকূলীয় মঠবাড়িয়া উপজেলায় দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর বরাবর লিখিত আবেদন করেছে মঠবাড়িয়া উপজেলা নাগরীক কমিটি। নাগরিক কমিটির সদস্য সচিব মোঃ নূর হোসাইন মোল্লা স্বাক্ষরিত আবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বৃহত্তম উপজেলার মধ্যে মঠবাড়িয়া অন্যতম। মঠবাড়িয়ার আয়তন ৩৫৩.২৫ বর্গ কিলোমিটার। লোক সংখ্যা প্রায় ৪ লক্ষাধিক। উপজেলা সদর একটি ১ম শ্রেণীর পৌরসভা।
১৯৮৪ সালে মঠবাড়িয়ায় দেওয়ানী ও ফৌজদারী আদালত স্থাপনের পর ১৯৯৩ সালে জেলা সদর পিরোজপুরে স্থানন্তর করা হয়। জনসাধারনের দাবীর মুখে ফৌজদারী আদালত পুনঃ স্থাপন হলেও দেওয়ানী আদালত স্থাপন হয়নি। মঠবাড়িয়ার সাথে জেলা সদরের দুরত্ব এবং যাতায়াত সমস্যার কথা বিবেচনা করে দেওয়ানী আদালত পুনঃ স্থানের দাবী জানিয়েছে নাগরিক কমিটি।
এব্যাপারে সদস্য সচিব মোঃ নূর হোসাইন মোল্লা জানান, উপকূলীয় এই জনপদের আর্থিকভাবে পিছিয়ে পড়া জনসাধারণ জেলা সদরে গিয়ে সঠিকভাবে আইনী সহযোগীতা নিতে পারছেনা। তাই মঠবাড়িয়ায় দেওয়ানী আদালত পুনঃ স্থাপনের জন্য তিনি প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেন।
