ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, বাস হেলপার নিহতের ঘটনা ও আ’লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে সম্প্রতি পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ এবং ঘুমন্ত হেলপার সিয়াম নিহতের ঘটনার প্রতিবাদ ও দেশজুড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভান্ডারিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এবং পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মঞ্জুর নেতৃত্বে উপজেলা বিএনপি’র প্রধান কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর শহরের বাস স্ট্যাণ্ড কলেমা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলে ভান্ডারিয়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত এক সমাবেশে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, গোপালগঞ্জ, ভান্ডারিয়াসহ সারা বাংলাদেশে বিচ্ছিন্ন ঘটনা নিয়ে আতঙ্কিত হবেন না। প্রশাসন সজাগ রয়েছে, সরকার এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। আমরা কারো প্রতি অবিচার করিনি। শান্ত ভান্ডারিয়াকে অশান্ত করবেন না। যারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জেপি) করেছে, তারা এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি শান্তিপূর্ণ দল, আওয়ামী লীগের মতো ধ্বংসাত্মক দল নয়। অতি শীঘ্রই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। কারণ তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না।
ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বাসে আগুন দিয়ে একজন বাস হেলপারকে পুড়িয়ে মারা ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রতিমিন্ত্রী বলেন, এ নারকীয় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেন ভবিষ্যতে এ ধরনের পাশবিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ জোমাদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শামীম হাওলাদার, পৌর যুবদলের আহবায়ক মেহেদি হাসান মুন্সি, সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক ইব্রাহীম হোসেন হিরন, আরিফ মৃধা প্রমুখ।
সমাবেশে প্রতিমন্ত্রী আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা খুব শীঘ্রই ধরা পড়বে। তারা কখনোই পার পাবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় বাসের মধ্যে ঘুমিয়ে থাকা বাসের হেলপার সিয়াম আগুনে পুড়ে নিহত হন।
