মাদক, কিশোর অপরাধ প্রতিরোধে প্রশাসন ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করার আহ্বান
মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে পরিচিতি ও পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় ‘মাদকাসক্তি প্রতিরোধে জেগে উঠুক, এখনই’ স্লোগান সামনে রেখে আয়োজিত সভায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
পর্যালোচনা সভায় জেলা প্রশাসক বলেন, মাদক, কিশোর অপরাধ, ইভটিজিং ও সাইবার অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি সহযোগিতা এবং সম্ভবপর লজিস্টিক সহায়তা দেওয়ার বিষয়েও তিনি আশ্বাস দেন।
সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মাদক প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কমিটি তৈরি, লিফলেট বিতরণ ও প্রচার কার্যক্রম পরিচালনার প্রস্তাব তুলে ধরা হয়। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে নিরাময় কেন্দ্রের ব্যবস্থা, মাদকবিরোধী কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি সহায়তা এবং কমিটির সক্রিয় সদস্যদের উৎসাহিত করতে পুরস্কার প্রদানের বিষয়েও আলোচনা হয়।
এছাড়া জেলার চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সামাজিক সমস্যা ও অপরাধের নেতিবাচক প্রভাব এবং উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীসমাজের পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
‘মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ’ এর আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. মুনিরুজ্জামান নাসিম আলী’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা তথ্য কর্মকর্তা সাইফুল্লাহ আল মাদানী, পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম শামীম, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নজরুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক মো. শাহ আলম, সাবেক উপাধ্যক্ষ মো. লুৎফর রহমান, দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. হাবিবুর রহমান, সাংবাদিক হাসান মামুন, অমিত বিশ্বাসসহ প্রমুখ।
