সিনিয়র সাংবাদিক আমীর খসরুর ইন্তেকাল
দেশের প্রখ্যাত কুটনৈতিক সাংবাদিক আমীর খসরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ……. রাজিউন)। শনিবার সন্ধ্যায় তিনি ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিলো ৬২ বছর। মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে সপ্তাহকাল ধরে হাসপাতালের আইসিইউতে আমীর খসরু চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রী এবং দুই বোন রেখে গেছেন।
দৈনিক ইত্তেফাকের কুটনৈতিক সাংবাদিক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। শেষ জীবনে তিনি ভয়েজ অব আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা পদে অত্যন্ত খ্যাতির সাথে এক সময় কাজ করেছেন। এছাড়া চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন।
দৈনিক আজাদ থেকে ঢাকায় তার সাংবাদিকতা জীবন শুরু করেন। তিনি ‘আজকের বুধবার’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা ছাড়াও বিভিন্ন জাতীয় পত্রিকায় কলামিস্ট ছিলেন। তিনি বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ঘটনাসহ বিভিন্ন বিষয়ে একাধিক বই লিখেছেন।
মরহুম আমীর খসরুকে ঢাকার মিরপুর বুদ্ধিজীবি গোরস্থানে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি পিরোজপুর শহরে ১৯৬৪ সালে জন্মগ্রহন করেন। পিরোজপুর পৌর শহরের সিআই পাড়া এলাকায় তার পৈত্রিক নিবাস।
