পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি অনিক গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকার ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গেফতার করা হয়।
গ্রেফতারকৃত অনিক পিরোজপুর পৌরসভার খামকাটা এলাকার বাসিন্দা ও কার্যক্রম স্থগিত থাকা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকতারুজ্জামান ফুল’ুর ছেলে।
পুলিশ সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে ভাটারা থানাধীন কুড়িল বিশ্বরোড এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি বিস্ফোরক দ্রব্য নিয়ে মিছিল করে কুড়িল বিশ্বরোডের দিকে আসছেন। ওই ব্যক্তিরা এলাকায় বড় ধরনের নাশকতামূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। সংবাদ পেয়ে দুপুর সোয়া ১টার দিকে পুলিশ কুড়িল সাহারা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। এর আগে বেলা ১টার দিকে কয়েকজন সেখানে জড়ো হয়ে উসকানিমূলক বিভিন্ন স্লোগান দেন।
পুলিশের অভিযোগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে অনিককে একাধিকবার উস্কানিমূলক কথাবার্তা বলতে ও সংগঠনকে সংগঠিত করার চেষ্টা করতে দেখা গেছে।
বুধবার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অনিককে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
আদালতে দেওয়া রিমান্ড আবেদনে বলা হয়, মামলার মূল রহস্য উদ্ঘাটন, আসামির সঠিক নাম-ঠিকানা যাচাই এবং ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অনিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কাদের জানান, গ্রেফতারকৃত অনিরুজ্জামান অনিকের পিসিপিআর (পুলিশ ক্রিমিনাল পেট্রোল রেকর্ড) যাচাই করে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মোট ৯টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
পিরোজপুর সদর থানার ওসি শরিফুল ইসলাম জানান, ঢাকায় গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অনিকের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় বিভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। সে সব মামলায় তাকে শ্যোনআ্যরেস্ট দেখানো হবে।
