প্রধান সূচি

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর : গ্রেপ্তার-১

পিরোজপুরের ভান্ডারিয়ায় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর বসতঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটের দিকে উপজেলার ইকড়ি ইউনিয়নের বেতাগী সিংখালী ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতাগী সিংখালী এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী মো. আজম খান (৫০) দুবাই থেকে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যক্তিরা ওই রাতে তার বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা বাড়ির দোতালায় উঠে ভাংচুর করে এবং সেখানে অগ্নিসংযোগ করে। এতে ঘরের বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিসংযোগ ও ভাংচুরের খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে ভান্ডারিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া শুরু হয়।

ঘটনার পর আজম খানের মা মোসা: মমতাজ বেগম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ৩৫ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আমির হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial