নিরাপদ খাদ্য লেবেলিং প্রবিধান চূড়ান্তের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
খসড়া নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা-২০২৬ দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবিতে পিরোজপুরে মানববন্ধন অ্যাডভোকেসি সভা, ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার পিরোজপুর শহরের পুরাতন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে খাদ্য প্রতিমন্ত্রী ও খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
পিপলস্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এ কর্মসূচির আয়োজন করে। স্মারকলিপিতে মোড়কাবদ্ধ খাদ্যপণ্যের লেবেলে খাদ্য উপাদান, পুষ্টিমান, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ এবং প্রবিধানমালাটি দ্রুত চূড়ান্ত ও কার্যকর করার দাবি জানানো হয়।
পিডিএফের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম পান্না বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে সঠিক ও সহজবোধ্য তথ্য নিশ্চিত করা জরুরি। এতে ভোক্তারা সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন।
তিনি আরও বলেন, হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগ বাড়ছে। তাই জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য ও কার্যকর লেবেলিং ব্যবস্থা গুরুত্বপূর্ণ।
কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
