পিরোজপুরে চিংড়ি মাছে জেলি মিশিয়ে বিক্রি : ৫০ হাজার জরিমানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলায় চিংড়ি মাছে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বৃদ্ধি করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা ২৫ কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
বুধবার দুপুরে উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারে ভ্রাম্যমাণ আদালত মনিষা ফিশিং হাউজ নামের মৎস্য আড়তদারের মালিক উত্তম কুমারকে ৫০ হাজার টাকা জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার জগন্নাথকাঠি মাছ বাজারের মনিষা ফিশিং হাউজের আড়তদার উত্তম কুমার মন্ডল চিংড়ি মাছের মধ্যে জেলি মিশিয়ে কৃত্রিমভাবে ওজন বাড়িয়ে অধিক মূল্যে বিক্রি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে জগন্নাথকাঠি মাছ বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মনিষা ফিশিং হাউসের মালিক উত্তম কুমার মন্ডলকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের প্রতারণামূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
