প্রধান সূচি

পিরোজপুরে বিএনপি নেতা নাসির মল্লিককে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতে গ্রেফতার ও বিচারের দাবিতে মৎসজীবীদের মানববন্ধন

পিরোজপুর সদর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক এবং পাড়েরহাট মৎস্যজীবী সমাজ কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় মৎস ব্যবসায়ী ও মৎসজীবীরা। শুক্রবার পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা আকন, মতিঝিল থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক শাহীন গাজী, স্থানীয় বিএনপি নেতা মিলন মল্লিক ও রবিউল মল্লিকসহ পাড়েরহাট মৎস্য অবতারণ কেন্দ্রের ব্যবসায়ী ও মৎসজীবীরা।
এ সময় বক্তারা বলেন, হত্যার উদ্দেশ্যে নাসির মল্লিকের উপর নির্মম হামলা চালানো হয়েছিল। বর্তমানে তিনি ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার ঘটনার পর স্থানীয়রা ৪জনকে আটক করে পুলিশে দিয়েছিল। কিন্তু হামলার দেড় মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত হামলার সাথে জড়িত আর কাউকেই গ্রেফতার করতে পারেনি। এমনকি মূল আসামীরাও রয়েছে ধরাছোঁয়ার বাইরে। তাই হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি পাড়েরহাট মৎস বন্দর থেকে মোটর সাইকেলযোগে বাড়িতে ফেরার সময় জিয়ানগরের পাড়েরহাট বাসস্ট্যান্ডের কাছে একদল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মহিউদ্দিন মল্লিক নাসিরের উপর হামলা করে। এ সময় তার হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে হামলাকারীরা। নাসির মল্লিকের সাথে থাকা তার ভাইয়ের ছেলে এবং শংকরপাশা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন মল্লিক নিপুকেও কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে এলে তাদের প্রাথমিক চিাকৎসা শেষে রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখান থেকে মারাত্মক আহত নাসির মল্লিককে পরদিন ঢাকায় স্থানান্তর করা হয়।
হামলার ঘটনায় আহত নাসির মল্লিকের মেয়ে শবনম নাফিসা বাদী হয়ে ইন্দুরকানী থানায় ১৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial