পিরোজপুরে র্যাবের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার-১
পিরোজপুরে র্যাবের অভিযানে ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ঢাকা-পিরোজপুরগামী ইমাদ পরিরহন থেকে এ গাঁজা উদ্ধার এবং মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে র্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার রাত পোনে ১০টার দিকে পিরোজপুর-গোপালগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর সদর থানাধীন শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোল এলাকার হাওলাদার টেক্সটাইল এর সামনে পাঁকা রাস্তার ওপর মাদক বিরোধী অভিযান করা হয়। এসময় ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনে তল্লাশী করে বাসের বক্সে রাখা একটি কার্টুন বক্সের মধ্যে সাদা কসটেপ দ্বারা মোড়ানো ৬টি আকাশী রঙ্গের প্যাকেটে থাকা ১১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা বহনকারী একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আনোয়ার হোসেনের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফুলহাতা গ্রামে। তার পিতার নাম আব্দুল হাকিম হাওলাদার।
গ্রেফতারকৃত’র বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মাদকের নিয়মিত মামলা করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
