বাংলাদেশের আকাশে শকুন উড়ছে, ওদেরকে থামান, ওদেরকে থামাতে হবে : অধ্যক্ষ আলমগীর হোসেন
পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আমারা কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নই। তবে যারা লুটপাট করেছে, দুর্নীতি, গুম, হত্যার রাজনীতির সাথে জড়িত ছিল, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আমরা শুধু তাদের বিরুদ্ধে কথা বলেছি, তাদের শাস্তি চাচ্ছি।
সোমবার বিকেলে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পিরোজপুর-১ আসনে ধানের শীষ প্রতিকের শেষ নির্বাচনীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা অভিমান করে বসে থাকবেন না, ঘর থেকে বেরিয়ে আসুন, ভোট সেন্টারে আসুন আপনারা সবাই ১২ তারিখ সকাল ৭ টার মধ্যে ভোট সেন্টারে এসে ধানের শীষকে বিজয়ী করুন। আমি ওয়াদা দিচ্ছি, আমি সবসময় আপনাদের পাশে থাকবো।
তিনি বলেন, বাংলাদেশের আকাশে শকুন উড়ছে, ওদেরকে থামান, ওদেরকে থামাতে হবে। নইলে ওরা আমাদের এই প্রিয় দেশকে খামলে খামলে খাবে।
আলমগীর হোসেন বলেন, পিরোজপুর-১ আসনের উন্নয়নে তার কর্ম পরিকল্পনা তুলে ধরে বলেন, ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে তিনি পিরোজপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হলে এবং তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে পিরোজপুরে ১৮০ দিনের মধ্যে অর্থনৈতিক জোন স্থাপন করে সেখানে পোষাক শিল্প, পাটকলসহ বিভিন্ন শিল্প-কারখানা গড়ে তুলে বেকার সমস্যার সমাধান করা হবে। ১৮০ দিনের মধ্যে পিরোজপুর পৌরসভাকে ‘এ’ গ্রেডে উন্নতি করে একটি মডেল পৌরসভা করা হবে, সদর উপজেলার রাস্তা-ঘাট, অবকাঠামোর উন্নয়ন, নাজিরপুরের ফেলে রাখা উন্নয়নমূলক কাজগুলোর সম্পন্ন করার ব্যবস্থাসহ পিরোজপুরের নদী ভাঙ্গন কবলিত জিয়ানগরে (ইন্দরকানী) উপজেলায় টেকসই বেরিবাঁধ নির্মান করা হবে।
এসময় তিনি তার একমাত্র ছেলের হাত ধরে ওয়াদা করে বলেন, ‘ছেলেকে সাক্ষী রেখে বলছি আমাকে ভোট দিয়ে এমপি বানান, ওয়াদা করছি আমি কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদকসেবীকে প্রশয় দেবো না, কোন প্রকার দুর্নীতি করবো না, দুর্নীতিবাজকে প্রশ্রয় দোবো না।’ তিনি বলেন আমি পিরোজপুর থেকে কোন দিন পালিয়ে যাই নি, আর কোন দিন পালিয়েও যাবো না। পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুলজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, শেখ হাসানুল কবির লিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভা শেষে শহীদ মিনার প্রাঙ্গন থেকে ধানের শীষের পক্ষে শহরে মিছিল বের করা হয়।
