জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষক দলের আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা কৃষক দলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
সভায় প্রধান বক্তা ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক কৃষিবিদ সিরাজুন্নবী মামুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মাসুম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খাইরুল ইসলাম বাবু, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানজিদ রশিদ বাপ্পি এবং জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাবিব খান। সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের কল্যাণে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, যা বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হবে। তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
