এখন পর্যন্ত জুলাই সনদ আইনী ভিত্তি পায়নি : মুয়াযযম হোসাইন হেলাল
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, জুলাই আগষ্টের অভ্যুত্থানের প্রেক্ষাপটে ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল সেই কমিশনের পক্ষ থেকে অবশেষে জুলাই সনদ প্রণীত হয়েছে এবং সেই সনদ স্বাক্ষরিত হয়েছে। তবে এখন পর্যন্ত এই সনদ আইনী ভিত্তি পায়নি। তাই আমরা বলতে চাই অবিলম্বে এটার আইনি ভিত্তি কার্যকর ব্যবস্থা গ্রহন করতে হবে।
শনিবার সকালে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন আল্লামা সাঈদী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, এই জুলাই সনদে ঐক্যমত কমিশনের ছোটখাট বিষয়ে দ্বিমত থাকলেও সবাই ঐক্যমতে পৌছেছে সে ব্যাপারে আইনি ভিত্তি দেওয়া না হলে এই সনদ প্রকৃতপক্ষে বিফলে যাবে। সুতরাং আইনি ভিত্তি নির্বাচনের আগেই দিতে হবে এবং এ জন্য কোন বাঁধা, কোন ধরণে ষড়যন্ত্র, কোন ধরণের অপচেষ্টা দেশবাসী গ্রহন করবে না। আমাদের সংগঠনের পক্ষ থেকে আগেই বলা হয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দল বলেছে নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে প্রয়োজনীয় সংস্কার যা কিছু আছে সেগুলো কার্যকর করতে হবে। ভাই ও বোনেরা বাংলাদেশের জনগণ এত ত্যাগ স্বীকার করেছে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য নয়। অবশ্যই সেই নির্বাচন আমরা চাই কিন্তু দেশের মানুষ যেন কল্যানকর সমাজ ব্যবস্থা গড়তে পারে সেই উদ্দেশ্য নিয়েই আমাদের দেশের জনগণ ১৫টি বছর এবং বাংলাদেশের ৫৩ বছর অপেক্ষা করে আসছিল। অনেক ত্যাগ তিতিক্ষা অনেক জুলুম নির্যাতন অনেক রক্ত দেওয়া হয়েছে। দেশবাসী এখন সেই সময় প্রত্যাক্ষান করতে চায়। সেজন্য কোন ধরনের কোন সংকট সৃষ্টি করতে দেওয়া হবে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহিরুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চলের টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাযী। পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম সাঈদী।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সিদ্দিকুল ইসলাম, মাওলানা শেখ আব্দুর রাজ্জাক, জেলা পেশাজীবী শাখা সভাপতি ড. আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।
