সংস্কার, জুলাই শহীদদের বিচার ছাড়া জনগণ নির্বাচন মানবে না : মাসুদ সাঈদী
পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী’র ছেলে মাসুদ সাঈদী বলেছেন, একটি দল গায়ে পা দিয়ে আমাদের সাথে ঝগড়া লাগাতে চায়। তারা জামায়াতে ইসলামীকে উস্কিয়ে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। আমরা তাদের উস্কানের ফাঁদে পা দেবো না। তবে আমরা শুধু নির্বাচন চাই না। আগে সংস্কার, জুলাই শহীদের বিচার, যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে আমাদের পিতাকে শহীদ করেছে ওই সব বিচারকদের বিচার হতে হবে, তারপরে নির্বাচন। এর আগে কোন নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না।
বৃহস্পতিবার বিকেলে পিরোজপুর তাফহীমুল কুরআন আলিয়া মাদ্রাসা মিলনায়তনে শহীদ পরিবারের গর্বিত সদস্যদের সাথে স্থানীয় দায়িত্বশীলদের মতবিনিময় ও শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী আরও বলেন, আমরা আমাদের স্বজন হারানোর কারণে বিচলিত হইনি, আমরা ভয়ও পাইনি। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে মিথ্যাবাদীদের জবাব দিতে চাই। আমাদের দেশে একটি প্রচলিত কথা ছিল, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আমরা এসব পুরোনো কথা ভেঙে দিতে চাই।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর বলেন, আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে মেডিকেল টিম হত্যা করেছে। তিনি বলেন, আল্লামার সে দিনের শেষ হাসি আজও পৃথিবীবাসী ভুলতে পারেনি। তার হাসপাতালের সীটে বসে অসহায়ের মত চেয়ে থাকা দেখে মনে হচ্ছিল যেন তিনি বুঁঝতে পারছিলেন তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু তিনি ছিলেন অসহায়।
জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ছেলে আলী আহমেদ তাহকীক, লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদ ডা. ফয়েজ আহমেদের ছেলে বেলাল আহমেদ, সাবেক কেন্দ্রীয় নায়েবে আমীর শহীদ আবুল কালাম মো. ইউসুফ এর নাতি তাহসিন আজমাঈন, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার ছেলে হাসান জামিল, সাবেক সহকারী সেক্রেটারী জেনারেল শহীদ কামারুজ্জামানের ছেলে সোহায়েব হাসান ইমাম ওয়াফি, দৈনিক সংগ্রাম এর সাবেক সম্পদক আবুল আসাদের ছেলে সোহায়েল আব্দুল্লাহ শাকিল, জামায়াতে ইসলামীর সাবেক কর্ম পরিষদ সদস্য মরহুম সরদার আব্দুস সালাম এর ছেলে মোস্তফা শওকত ইমরান প্রমুখ।
