আগে সংস্কার, বিচার, তার পরে পিআর পদ্ধতিতে নির্বাচন : মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, আগে হতে হবে সংস্কার, আওয়ামী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার, তার পরে হবে নির্বাচন। আর সে নির্বাচন হতে হরে অবশ্যই অনুপাতিক প্রতিনিধিত্বভিত্তিক- পিআর পদ্ধতিতে নির্বাচন। কেননা বাংলাদেশকে দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজি মুক্ত করতে হলে অনুপাতিক পিআর পদ্ধতির নির্বাচনী ব্যবস্থার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ মুক্তি চায়। ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছে। তাই এখন চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট মুক্ত হতে চায় বাংলাদেশের মানুষ। বাংলাদেশ আর কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট উৎপত্তি হতে দেওয়া হবে না।
বৃহস্পতিবার দুপুর ১টায় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়েজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে তিনি আরও বলেন, যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসংঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে মানবাধিকার রক্ষার জন্য এ বিদেশী সংস্থা জাতিসংঘের কার্যালয় খোলা হচ্ছে। বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের কোনো প্রয়োজন নেই, এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। তাই বাংলাদেশে আমরা জাতিসংঘের মানবাধিকারের কোন কার্যালয় আমরা চাই না। আমাদের রাষ্ট্রের নিজস্ব সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন ও সচেতন জনগণ রয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরণের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। তিনি বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখছে। স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, তারা জনগণকে হতাশ করেছে চরমভাবে। মানবরচিত মতবাদের মাধ্যমে এই স্বপ্নপূরণ সম্ভব নয়। তাই স্বাধীনতাকামী, মুক্তিকামী মানুষকে ইসলামের পতাকাতলে সমবেত হতে হবে। একজন সচেতন মুসলমান ইসলামকে উপেক্ষা করে মানবরচিত কোন মতবাদে বিশ্বাসী হতে পারে না।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর পিরোজপুর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শাখার সভাপতি মুহাম্মাদ মুহিববুল্লাহ হাওলাদারসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।
