তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, মব সৃষ্টির অপচেষ্টাসহ সারাদেশে আইন শৃঙ্খলা অবনতির প্রতিবাদে পিরোজপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, গোপন তৎপরতায় দীর্ঘদিন গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে ‘জামায়াত-শিবির-রাজাকার, এই মূহুর্তে বাংলা ছাড়, শহীদ জিয়ার বাংলায় রাজাকারের ঠাই নাই, ষড়যন্ত্রের হয়নি শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ’ সহ নানা শ্লোগান দেয় ছাত্রদল নেতা-কর্মীা।
পরে টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ মো. আলমগীর হোসেন এবং সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
এ সময় বক্তারা জামায়েত ইসলামীর সমালোচনা করে বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই দলটি এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। এদেশের মানুষকে হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, লুটতরাজ করেছিল। কিন্তু আজ পর্যন্ত এই দলটি এদেশের মানুষের কাছে ক্ষমা চায়নি। এছাড়া আওয়ামী লীগ সরকারের দু:শাসনের সময় এই দলটি আত্মগোপনে থেকে টিকেছিল। অথচ বিএনপি’র নেতাকর্মীরা মাঠে পরিচয় দিয়েই রাজনীতি করেছে। রাজনীতির মাঠে টিকতে না পেরে তারা পতিত আওয়ামী লীগের সাথে জোট বেঁধে বিএনপি এবং তারেক রহমানের বিরুদ্ধে নানা ধরণের অপপ্রচার চালাচ্ছে। জামায়াত ও আওয়ামী লীগকে মাঠে প্রতিহত করার জন্য বিএনপি’র নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে বলেও জানান বক্তারা।
