পিরোজপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা উদ্বোধন
‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে উৎসবমূখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। একইসাথে উদ্বোধন করা হয়েছে জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড, ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ ও সেমিনার।
বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, এ ধরণের আয়োজন নতুন প্রজন্মকে বিজ্ঞানমুখী করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান এবং বিশ্লেষণী ক্ষমতা আরও বৃদ্ধি করতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।
বিজ্ঞান মেলার মেলায় জেলার ৩৩টি বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করছে।
