পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত
পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় আব্দুল্লাহ আল নোমান গাজী নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আব্দুল্লাহ আল নোমান গাজী পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী এবং সাহেবপাড়া এলাকার মো. শাহজাহান গাজীর ছেলে।
অভিযুক্ত মারুফ ।
আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কিছুদিন পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমানসহ স্থানীয়রা পৌরসভার পালপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে মারুফ ওরফে কসাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজীসহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাহেবপাড়া এলাকার গাজী এন্টারপ্রাইজ নামক দোকানে হামলা চালায় এবং সেখানে থাকা নোমানকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পেটে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত মারুফকে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সে ফোন রিসিভ করে নি।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
