মোংলায় কোস্টগার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ
মোংলায় কোস্টগার্ডের অভিযানে ৩১ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে কোস্টগার্ড স্টেশন হারবারিয়ার কর্তৃক মোংলার জয়মনিরঘোল সাইলো জেটি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় পরিত্যাক্ত একটি বস্তা থেকে ৩১ কেজি হরিণের মাংস, ১টি হরিণের মাথা ও ৪টি পা জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপাই রেঞ্জ ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।
