ইন্দুরকানীতে ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলায় ধর্ম মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত ইসলামিক মিশন স্বাস্থ্যসেবা কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৯ সেপ্টেম্বর তৎকালীন সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন। অসহায় ও দু:স্থ মানুষের জন্য চালু হওয়া এই কেন্দ্রটি শুরুতে ভালোভাবে স্বাস্থ্যসেবা প্রদান করলেও বর্তমানে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বর্তমানে নিয়োজিত সিনিয়র মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু সুফিয়ান সরকারি নিয়মনীতি উপেক্ষা করে নিজের ইচ্ছেমতো অফিস পরিচালনা করছেন।
অভিযোগ রয়েছে, ১০ টাকার আমপারা (সেফারা) ৩০ টাকা দেখিয়ে কেনা হচ্ছে। ৩ হাজার ৯০০ টাকার চেয়ার ১৪ হাজার টাকা দেখানো হচ্ছে। ১৫ হাজার টাকার গাছ বিক্রির অর্থ সরকারি কোষাগারে ৮ হাজার টাকা দেখানো হচ্ছে। এছাড়াও ওষুধ ক্রয় ও বিতরণেও ব্যাপক অনিয়মের প্রমাণ পাওয়া গেছে।
ঈদের দীর্ঘ ছুটি শেষে রবিবার সরেজমিনে গেলে দেখা যায়, অফিস পিওন মো. ওমর ফারুক একা অফিস করছেন। কেন্দ্রের ডা. আবু সুফিয়ান ও হিসাব সহকারী মো. শামিম আকন কেন্দ্রে উপস্থিত ছিলেন না। সকাল ১১টায় গিয়ে দেখা যায়, অনেক অসুস্থ রোগী দাঁড়িয়ে আছে। তাদের সাথে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অনেক দূর-দূরান্ত থেকে রোগীরা এসে ডাক্তারকে না পেয়ে ফিরে যান। তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় ওষুধ সরবরাহও সঠিকভাবে করা হয় না।
হিসাব সহকারী মো. শামিম আকনকে ফোনে এসব বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সুনির্দিষ্ট উত্তর দেননি।
ডা. আবু সুফিয়ানকে মোবাইল ফোনে এসব অনিয়ম সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তিনি বর্তমানে সরকারি কাজে ঢাকায় অবস্থান করছেন।
