প্রধান সূচি

নাজিরপুরে ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান : দুইজনের কারাদন্ড

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার দুই মালিককে কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করে দেয়া হয়েছে।
বুধবার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
জানা গেছে, ভাই ভাই ফুড প্রোডাক্টস নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এতে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল।
ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৬ ধারা অনুযায়ী কারখানার দুই মালিক মো. মিরাজুল ইসলাম হাওলাদার (৩৫) ও মো. রাকিবুল ইসলাম হাওলাদার (২২)কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে কারখানাটির উৎপাদিত সকল পণ্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত আসামি ও কারখানাটির মালিক আপন দুই ভাই এবং উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের জয়নাল আবেদীন হাওলাদারের ছেলে।
অভিযান পরিচালনায় সহোযোগিতা করেন নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, নাজিরপুর থানা পুলিশ এবং জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি টিম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফজলে রাব্বি মো. ফজলে রাব্বি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা উপজেলার শ্রীরামকাঠিতে অনুমোদনহীন একটি ভেজাল শিশু খাদ্য উৎপাদন কারখানার সন্ধান পাই। এ ধরণের ভেজাল খাদ্য উৎপাদন শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৬ ধারা অনুযায়ী কারখানার দুই মালিক মো. মিরাজুল ইসলাম হাওলাদার (৩৫) ও মো. রাকিবুল ইসলাম হাওলাদার (২২)কে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে কারখানাটির উৎপাদিত সকল পণ্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। ভবিষ্যতে এমন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial