ধর্ষণের বিরুদ্ধে পিরোজপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল : উত্যক্তকারী যুবক গ্রেফতার
ধর্ষণের বিরুদ্ধে পিরোজপুরে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে মো. ফরহাদ নামে এক যুবকের বিরুদ্ধে শিক্ষার্থীদের উত্যক্ত করার অভিযোগ উঠেছে। বুধবার বেলা ১২টার দিকে পিরোজপুর সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবক শিক্ষার্থীদের ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে।
এ ঘটনায় পুলিশ উক্ত যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করেছে।
পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জানায়, বুধবার সকাল ১০টার দিকে মহিলা কলেজের সামনে শিক্ষার্থীরা ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড ও সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে ফিরে আসে। মিছিলটি ফিরে আসার সময় সাঈদী ফাউন্ডেশনে সামনে থেকে এক যুবক মিছিলের ভিডিও করতে থাকে এবং শিক্ষার্থীদের বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। একপর্যায়ে ওই যুবক আমাদের (শিক্ষার্থী) ‘জয়বাংলা স্লোগান’ দিতে বলে। পরে সদর হাসপাতালের সামনের সড়কে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে এক যুবক এসে মেয়েদের উত্যক্ত করে এবং জয়বাংলা স্লোগান দিতে বলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবহান জানান, মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে এক যুবক শিক্ষার্থীদের উত্যক্ত করে। তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
