অপারেশন ডেভিল হান্টে মোংলায় অস্ত্র-গুলিসহ ৬ আওয়ামী লীগ নেতা আটক
অপারেশন ডেভিল হান্টে মোংলায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ ৬ আওয়ামী লীগ নেতা আটক করা হয়েছে।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার অনিক মাহমুদ জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে মঙ্গলবার ভোর রাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ মোংলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের দ্বিগরাজ এলাকায় অভিযান চালান। এ সময় আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), মো. শফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র রায় (৬৬)কে আটক করা হয়।
এ সময় আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র রায়ের কাছ থেকে ১টি দুইনালা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা গুলিসহ আটক করা হয়।
অস্ত্র-গুলিসহ আটককৃতদেরকে মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্টগার্ড।
অপরদিকে, সোমবার রাতে মোংলার কুমারখালী ও গোয়ালেরমেঠ এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম এবং মো. সাইফুল শেখকে আটক করে থানা পুলিশ।
মোংলা থানার ওসি মো. আনিসুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
