বাগেরহাটে আওয়ামী লীগের এজেন্ডা করছে বিএনপি : ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন
বাগেরহাটে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের আস্থাভাজন আব্দুল আল মামুনকে ওয়ার্ড বিএনপির কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড কমিটিতে সদস্যপদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সমর্থক ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন হয়।
এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা শ্রমিক দলের যুগ্ম আহবাহক শেখ আসাদুজ্জামান, জেলা শ্রমিক দল নেতা আব্দুল কাদের, বাগেরহাট পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফাতেমা পান্না প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের দোসর ও শ্রমিক লীগের নেতাদের মদদে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনকারী আব্দুল আল মামুনকে সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের ৬নং গোবরদিয়া ওয়ার্ডে বিএনপির নেতারা টাকার বিনিময়ে বিএনপির সদস্য পদ দিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই।
এ সময় বাগেরহাট জেলা শ্রমিক দলের যুগ্ম আহবাহক শেখ আসাদুজ্জামান বলেন, জেলা বিএনপির কিছু নেতা টাকা খেয়ে আওয়ামী লীগের দোষর আব্দুল আল মামুনকে ওয়ার্ডে বিএনপির সদস্য পদ দিয়েছে। এছাড়াও আব্দুল আল মামুনকে ওয়ার্ড বিএনপির সভাপতি করার জন্য শতাধিক আওয়ামী লীগের কর্মীকে বিএনপির প্রাথমিক সদস্য পদ দিয়েছে জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাফফর আলম।
বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মো. মোজাফফর আলম জানান, সব জায়গায় কিছু কিছু আওয়ামী লীগের লোক ঢুকে পড়েছে, আমার কিছু করার নেই।
এ বিষয়ে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম জানান, বিএনপিতে কোথাও আওয়ামী লীগের লোক ঢুকুক এটা আমরা চাই না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও এ বিষয়ে কঠোর নির্দেশনা রয়েছে। আজকে প্রেসক্লাবের সামনে যে মানববন্ধন ও প্রতিবাদ হয়েছে সে বিষয়ে আমার কিছু জানা নেই।
