ভান্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে এক ব্যক্তি নিহত
পিরোজপুরেরর ভান্ডারিয়ায় চোর সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম শাহ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে উপজেলার ধাওয়া ইউনিয়ানের পশারিবুনিয়া গ্রামের সড়কের ওপর এ ঘটনা। নিহত সেলিম শাহ (৫০) ওই গ্রামের মৃত দৌলাত শাহ এর ছেলে। পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠিয়েছে।
নিহত সেলিম শাহ’র স্ত্রী শাহাবানু বেগম দাবি করেন, শনিবার রাত ১১টার দিকে তার স্বামীকে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর সে আর বাড়িতে ফেরেনি। সকালে শুনতে পান তার স্বামীকে গ্রামবাসী পিটিয়ে মেরে ফেলেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শনিবার রাত আড়াইটার দিকে পশারিবুনিয়া গ্রামের শিক্ষক শহিদুল ইসলাম ফিরোজ এর বসতঘরের সিঁদ কেটে দুই চোর প্রবেশ করে। চোরেরা নগদ ৩০ হাজার টাকা, দুইটি স্বর্ণের চেইন ও একটি রূপার চেইন নিয়ে যায়। এসময় গৃহকর্তার ছেলে মোহাম্মদ আলী মান্না টের পেয়ে প্রতিরোধ করতে গেলে চোরেরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। প্রতিবেশেীরা টের পেয়ে গ্রামবাসীকে মোবাইল ফোনে খবর দিলে গ্রামবাসী এগিয়ে এসে দুই চোরকে ধাওয়া করে। এসময় সেলিম শাহ গ্রামবাসীর হাতে আটক হলে অপর চোর এমাদুল হোসেন মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে ক্ষিপ্ত গ্রামবাসী আটককৃত সেলিমকে সড়কে ফেলে বেধড়ক পিটুনি দিলে রাত তিনটার দিকে সে ঘটনাস্থলে মারা যায়।
শহিদুল ইসলাম ফিরোজ মালাকার বলেন, শনিবার রাত আড়াইটার দিকে আমার ঘরে সিঁদ কেটে দুইজন লোক প্রবেশ করার চেষ্টা করলে আমরা ডাক চিৎকার করি। চিৎকারে বাড়ির অন্য ঘরের লোক বের হয়ে দুইজনের একজনকে ধরে প্রহার করলে সে মারা যায়। আরেকজন পালিয়ে যেতে সক্ষম হয়।
ইউপি সদস্য পলাশ মিত্র বলেন, রাতে আমার ওয়ার্ডের এক বাড়িতে দুইজন লোক প্রবেশ করেছে, তাদের একজনকে তারা ধরতে সক্ষম হয়, আমি পুলিশকে খবর দিতে বলি। কিন্তু সকালে শুনি গনপিটুনিতে সে মারা গেছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ আনওয়ার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পিরোজপুর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
