প্রধান সূচি

ইন্দুরকানীতে রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম

পিরোজপুরের ইন্দুরকানীতে গভীর রাতে সিঁদকেটে ঘরে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের মৃধারহাট এলাকায় বুধবার রাতে জেলে জাহাঙ্গীর হোসেনের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের ঢেপশাবুনিয়া গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের বাড়িতে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল সিঁদকেটে ঘরের ভিতরে ঢুকে মা, মেয়ে ও নাতিকে মুখ বেঁধে কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহতরা হলো- জাহাঙ্গীর হাওলাদারের স্ত্রী জেসমিন বেগম (৪৫), মেয়ে জুয়েনা (১৩) এবং নাতি ইয়েনাকে (১২)।
এ সময় আহতদের ডাক চিৎকার শুনে তিনজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জেসমিন বেগমকে মাথা ও মুখ মন্ডলে এলোপাথারিভাবে কোপানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্বজনরা।
আবু হানিফ নামে আহতের এক নিকটআত্মীয় জানান, চুরি কিংবা অন্য কোন খারাপ উদ্দেশ্যে দুর্বৃত্তরা ঘরে ঢুকে। হয়তো ঘরের লোকজন তাদেরকে চিনে ফেলায় কুপিয়ে জখম করে পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে ওই তিনজন ছাড়া কোন পুরুষ লোক ছিল না।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ হোসেন বলেন, জাহাঙ্গীর হাওলাদারের ঘরে গভীর রাতে সিঁদ কেটে ঢুকে মা-মেয়েসহ তিনজনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial