নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনার চেক প্রদান
পিরোজপুরের নাজিরপুরে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ও প্রণোদনার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের নিয়ে গঠিত কিশোরী সংঘের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ ও ইভটিজিং রোধকল্পে এ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালা শেষে শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ৫ কিশোরীকে প্রণোদনার চেক প্রদান করা হয়।
শ্রীরামকাঠী ইউ.জে.কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মাসুম মিয়া।
প্রশিক্ষণ কর্মশালায় কিশোরীদের বাল্য বিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে বিদ্যালয়ে গঠিত পল্লী উন্নয়ন কিশোরী সংঘের ১০০ জন কিশোরী সদস্যের মধ্যে ৫জন কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায এবং তাদের বাল্যবিবাহ না হওয়ায় বিআরডিবি’র প্রকল্পের পক্ষ থেকে তাদের জমাকৃত সঞ্চয়কৃত অর্থ ও ২০০% প্রণোদনার অর্থের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ।
উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থানের সহায়তা প্রকল্পের আওতায় নির্বাচিত বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির ১০০ জন ছাত্রী নিয়ে কিশোরী সংঘ গঠন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রশিক্ষণের মাধ্যমে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলা, নেতৃত্ব বিকাশ, বাল্য বিবাহ প্রতিরোধসহ বয়ো:সন্ধিকাল সম্পর্কে সচেতন করা হচ্ছে। পরবর্তীতে এসব ছাত্রীর বয়স ১৮ বছর পূর্ণ হলে তাদের সঞ্চয়কৃত অর্থসহ সঞ্চয়কৃত অর্থের অতিরিক্ত ২০০ ভাগ প্রণোদনা দেওয়া হয়।
