ইন্দুরকানীতে মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি সংস্থার সহায়তা প্রদান
পিরোজপুর ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীর আহবানে তুরস্কের ইজার ক্যাপাসি নামে একটি সংস্থা ইন্দুরকানীতে বিভিন্ন সহায়তা ও নগদ অর্থ প্রদান করেছে।
শনিবার সকাল থেকে মাসুদ সাঈদীকে সাথে নিয়ে বিদেশী এ সংস্থার প্রতিনিধি দল সহায়তা প্রদান করেন। সহায়তার মধ্য রয়েছে বিগত আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনে নিহত শহীদ শুক্কুর আলী’র পরিবার ও আহত মোস্তফা মীরকে ২টি দোকান ঘর নির্মান, বৌডুবী মাদ্রাসার সামনে অজুখানা নির্মান, অস্বচ্ছল পরিবারের মাঝে ৫টি গরু, ১৫টি ছাগল বিতরণ, ২৩টি অগভীর নলকূপ স্থাপন এবং ২৫টি পরিবার ও একটি মাদ্রাসায় নগদ অর্থ বিতরণ।
এসময় ইন্দুরকানী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলী হোসাইন, সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য আবুল কালাম গাজীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মাসুদ সাঈদী জানান, সংস্থাটি কক্সবাজারে রোহিঙ্গাদের সামাজিক উন্নয়নে কাজ করছে। তার ডাকে সাড়া দিয়ে ইন্দুরকানীতে এসেছে। তারা ইন্দুরকানীতে হতদরিদ্র পরিবারের মাঝে তাদের সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
