স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
কর্মস্থলে যোগদানের কথা শুনেই টিএইচও’র কক্ষে তালা দিল জনতা
দুর্নীতির অভিযোগের বোঝা মাথায় নিয়ে পিরোজপুরের নেছারাবাদ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগদান করবেন ডা. মামুন হাসান এমন খবরে বৃহস্পতিবার সকালে নেছারাবাদ (স্বরূপকাঠী) হাসপাতালে তার কক্ষে তালা মেরে দিয়েছেন স্থানীয় জনতা। এতে হাসপাতালের পরিস্থিতি কিছুটা থমথমে হয়ে যায়। তবে ডা. মামুন হাসানের কক্ষে কে বা কারা তালা ঝুলিয়ে রেখেছেন তা জানেন না হাসপাতালের দায়িত্বে থাকা ডা. নাজমুল হাসান মাসুদ।
ডা. মামুন হাসান বাগেরহাট জেলার চিতলমারি সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে ছিলেন। সেখানে সীমাহীন দুর্নীতি ও গত ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র-জনতার বিপরীতে অবস্থানে ছিলেন। ৫ আগষ্টের পর তার বিরুদ্ধে বাগেরহাটের চিতলমারির ছাত্র-জনতা তার পদত্যাগের দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নেয়। এতে তিনি ছাত্র-জনতার তোপের মুখে পড়লে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় বের হয়ে কিছু দিন গা’ঢাকা দেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডা. মামুন হাসানের মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে জানতে চাইলে নেছারাবাদ হাসপাতালের চলতি দায়িত্বে থাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নাজমুল হাসান মাসুদ খান জানান, আমি শুমেছি, বুধবার নেছারাবাদ হাসপাতালে টিএইচও পদে তার অর্ডার হয়েছে। তিনি বৃহস্পতিবার এখানে যোগদানের কথা। তবে তার কক্ষে বাইরে থেকে এসে কে বা কারা যেন তালা ঝুলিয়ে দিয়েছে। এ বিষয়ে আমি আর কিছু বলতে পারবো না বলে জানান।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, ডা. মামুন হাসান আমাকে ফোন দিয়ে নেছারাবাদ হাসপাতালে যোগদান করবেন বলে জানিয়েছেন। আমি তাকে অর্ডার আদেশ নিয়ে আসতে বলেছি। তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, বিভিন্ন লোকের মাধ্যমে আজকেই তার দুর্নীতির বিষয়ে শুনেছি। তবে তার রুমে তালা ঝুলানোর বিষয়ে আমি অবগত নই। আমি ডা. মামুন হাসানের বিষয়ে বিভাগীয় পরিচালক মহোদয়কে জানাবো।
