পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের হিসাবরক্ষক ও অফিস সহকারীকে অবরুদ্ধ : পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পিরোজপুর নার্সিং ইনস্টিটিউটের হিসাব রক্ষক শিল্পী রানী বৈরাগী ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বায়জিদ হোসেনের পদত্যাগের দাবিতে তাদেরকে ৪ ঘন্টার বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।
শনিবার দুপুর ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শিল্পী ও বায়জিদকে তাদের কক্ষে অবরুদ্ধ করে রাখে। এ সময় শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দিতে থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ তাদেরকে জিম্মি করে অভিযুক্ত শিল্পী ও বায়জিদ ভর্তিসহ অন্যান্য অফিসিয়াল কাজে চাপ প্রয়োগ করে অবৈধভাবে অতিরিক্ত টাকা গ্রহন করে। এছাড়া কোন শিক্ষার্থী নার্সিং ইনস্টিটিউট থেকে অন্যত্র বদলি (মাইগ্রেট) হয়ে যেতে চাইলে তার কাছ থেকে মোটা অংকের টাকা নেওয়া হয়। তাই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিল্পী ও বায়জিদ এর পদত্যাগ এবং তাদের অপকর্মের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান। বিকেল ৪টা পর্যন্ত শিল্পী ও বায়জিদকে অবরুদ্ধ করে রাখা হলেও এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরণের ব্যবস্থা গ্রহন করেনি বলে জানা গেছে।
