স্বরূপকাঠীতে প্রধান শিক্ষকের কটাক্ষ : শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার উত্তর পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের করা অপমান ও কটাক্ষ সইতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে ওই বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক ছাত্রী।
জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বিদ্যালয়ের এক অভিভাবক সভায় ওই ছাত্রীসহ তার পিতা-মাতাকে অশোভন ভাষায় অপমান করে কথা বলেছেন। গত বৃহস্পতিবার বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
ওই ছাত্রীর অভিবাবক মো. মোস্তফা অভিযোগ করে করেন, গত বৃহস্পতিবার বিদ্যালয়ে একটি অভিভাবক সমাবেশ হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার বক্তব্য প্রদান করছিলেন। এসময় বিদ্যালয়ের তার ভাতিজি ১০ম শ্রেণি ছাত্রী একটু অমনোযোগী ছিল। বিষয়টি প্রধান শিক্ষক গ্রীন তালুকদার লক্ষ্য করে তার ভাতিজিসহ উপস্থিত সবার সামনে পিতা-মাতাকে জড়িয়ে অপমান ও কটাক্ষমূলক কথা বলেন। এতে তার ভাতিজি অভিমানে ও কষ্টে শ্রেণিকক্ষে গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি সহপাঠিরা দেখে ডাক চিৎকার দিলে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই ছাত্রী বাড়ীতে চিকিৎসারত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ওইদিন বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক নিয়ে একটি সভা চলছিল। এসময় ওই ছাত্রী দুষ্টামি করছিল। তাই তাকে সামান্য একটু বকা দিয়েছিলাম মাত্র। এতে সে শ্রেণিকক্ষে বসে আত্মহত্যার চেষ্টা করেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান আমাকে শোকজ করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম জানান, বিষয়টি শুনেছি। তবে এখনো আমাকে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি।
