পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা
‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মৎস্য সপ্তাহ বিষয়ে গৃহীত কর্মসূচি নিয়ে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম। মতবিনিময় সভায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী, মৎস্য চাষী, মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৩০ জুলাই থেকে আগামী ৫ আগষ্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহের প্রথম দিন মঙ্গলবার সাংবাদিকদের সাথে মতবিনিময়ের মাধ্যমে প্রচার প্রচারণা। দ্বিতীয় দিন বুধবার থেকে ৬ আগস্ট পর্যন্ত শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষীদের প্রশিক্ষণ, উপকরণ বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।
সপ্তম দিন সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের কার্যক্রম শেষ হবে।
সভায় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক মো. শামিম আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান গুরুত্বপ‚র্ণ। যা আজ সারাবিশ্বে স্বীকৃত। ইলিশ আহরণ, অভ্যন্তরিন মুক্ত জলাশয়ে মৎস্য আহরণ, জলাশয়ে মৎস্য উৎপাদন এফএও এর প্রতিবেদন অনুযায়ী আজ আমরা শীর্ষে। দেশের মোট জিডিপির প্রায় ২.৫৩ শতাংশই মৎস্য খাতের অবদান। এর মধ্যে প্রাকৃতিক ও ভৌগোলিক কারণে এ জেলার মাটি ও পানি মাছ চাষের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী। এ জেলায় আহরিত মাছের অধিকাংশই ইলিশ। তাই ইলিশসহ মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রযুক্তির সহায়তা প্রদান, প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন ও জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থানের লক্ষে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের চিত্র তুলে ধরেন।
