মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদের পিরোজপুরে মানববন্ধন
কোটা বিরোধী আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এবং মুক্তিযোদ্ধাদের কটুক্তি করার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সন্তানরা বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন।
বুধবার শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব সড়কে মানববন্ধন করে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।
এ সময় বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, সাবেক কমান্ডার ফজলুল হক সেন্টু, এমএ রব্বানী ফিরোজ, নুরদীদা খালেদ রবি, মুক্তিযোদ্ধা সন্তান রেজাউল করিম মন্টু, সাইফুল ইসলাম সিকদার, আবু সাঈদ নাঈম প্রমুখ।
মানববন্ধনে শতাধিক বর্ষিয়ান বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা অংশগ্রহন করে।
বক্তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ৭১’র মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার অভিযোগ তুলে তাদের শাস্তি দাবি করে কোটা পদ্ধতি কোনোভাবেই বাতিল না করার দাবী জানান। তারা বলেন, এ আন্দোলনের নামে শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধাদের নানাভাবে অপদস্ত করছে। মানববন্ধন কর্মসূচিতে অবিলম্বে মুক্তিযুদ্ধের চেতনা অবমাননাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পরে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
