স্বরূপকাঠীতে ৪ ছাগল চোর আটক
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় ছাগল চুরি করে পালাবার সময় ৪জনকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। বুধবার বিকেলে উপজেলার লক্ষনকাঠি এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হল- উপজেলার জগন্নাথকাঠি গ্রামের বাসিন্দা মো. আরিফ (১৮), মো. জনি (২২), সজীব (৩৬) এবং মাহামুদকাঠি গ্রামের বাসিন্দা আবির (২৪)।
প্রতক্ষ্যদর্শী মো. সজল ও সাব্বির জানান, লক্ষনকাঠি গ্রামের জালিয়ার মোড় এলাকা থেকে ওই ৪ যুবক মাঠ থেকে তিনটি ছাগল ধরে ট্রলার করে নিয়ে যাওয়ার জন্য রওনা হচ্ছিল। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের ধরে জিজ্ঞেসাবাদ করলে ছাগল চুরির কথা স্বীকার করে। এসময় উপস্থিত কিছু লোক তাদের চড় থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের নেছারাবাদ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে গেছেন।
ছাগলের মালিক শান্ত বড়াল জানান, আমি স্থানীয় ইটভাটায় কাজ করছিলাম। এসময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চোরেরা আমার তিনটি ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। তাদেরকে ধরে পুলিশ থানায় নিয়ে গেছে।
নেছারাবাদ থানার সহকারি উপ-পরিদর্শক মো. তৌফিক জানান, ছাগল চুরির অভিযোগে ৪জনকে থানা হাজতে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত মামলার বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
