মঠবাড়িয়ার উপজেলা চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদ এর প্রার্থিতা বাতিল
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থীতা বাতিল হয়েছে বলে জানান পিরোজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মাধুবী রায়। উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, এর বিধি ৭ এর ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ও ১১(২) এবং ২১ (১) এর বিধান লঙ্গন করায় বিধি ৩৩ অনুযায়ী তার প্রার্থীতা বাতিল করা হয়। আগামী ২৯ মে ৩য় ধাপে মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
রিটার্নিং অফিসার মাধুবী রায় আরও জানান, বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের উপ-সচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে রিয়াজ উদ্দিন আহমেদের প্রার্থিতা বাতিল করা হয়।
উল্লেখ্য, রিয়াজ উদ্দিন আহমেদ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শামীম শাহনেওয়াজ এর ছোট ভাই। তিনি বর্তমানে মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইসিতে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছিল রিয়াজ উদ্দিন আহমেদকে। গত ২০ মে নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাকে ইসিতে সশরীরে হাজির হয়ে আচরণ বিধি লঙ্গনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়।
গত ১৩ মে মঠবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এদিন প্রার্থীদের সব ধরণের সভা সমাবেশ ও মিছিল করা নিষিদ্ধ ছিল। কিন্তু চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন এদিন মঠবাড়িয়া পৌরসভার সামনে বিশাল মিছিল ও সমাবেশ করেন। এতে ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
স্থানীয়দের অভিযোগ, প্রতীক পেয়ে বড় বড় লাঠির মাথায় আনারস বেঁধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করেন প্রার্থী রিয়াজ উদ্দিনের কর্মী-সমর্থকরা। এতে জনসাধারণের মধ্যে ভীতির সঞ্চার হয়।
এ ঘটনায় নির্বাচন কমিশনে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্গনের অভিযোগ দেওয়া হলে সহকারী রিটার্নিং অফিসারের কাছে রিয়াজ উদ্দিনকে লিখিতভাবে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয় ইসি। পরদিন ১৪ মে সহকারী রিটার্নিং অফিসারের কাছে আচরণ বিধি লঙ্গনের বিষয়ে ব্যাখ্যা দাখিল করেন রিয়াজ। সেখানে তিনি জানান, তার (রিয়াজ উদ্দিন) অনুপস্থিতিতে কিছু অতি উৎসাহী কর্মীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনমূলক কর্মকান্ড করেছে, তার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত।
তবে রিয়াজ উদ্দিনের দেওয়া ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক না হওয়ায় তাকে ঢাকায় নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আচরণ বিধি লঙ্গনের বিষয়ে নির্বাচন কমিশন শুনানিঅন্তে তার প্রার্থীতা বাতিল করেন।
