ভান্ডারিয়ায় পেনশন স্কিম মেলার উদ্বোধন
‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এ শ্লোগানে পিরোজপুরের ভান্ডারিয়ায় শুরু হয়েছে সর্বজনীন পেনশন স্কিম মেলা-২০২৪। এই উপলক্ষে ভান্ডারিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নে সর্বজনীন এই পেনশন স্কিম মেলা, হেল্প ডেস্ক ও রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন, ভান্ডারিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোহাম্মদ হোসেন ও পৌর মেয়র ফায়জুর রশীদ খসরুসহ শিক্ষক, ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিবৃন্দ।
মেলায় সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা ও রেজিস্ট্রেশনের জন্য ভান্ডারিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভার অংশগ্রহণে ভান্ডারিয়া উপজেলা পরিষদ চত্বরে স্টল খোলা হয়েছে।
