প্রধান সূচি

পিরোজপুরে ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত : নিহত ১, আহত শতাধিক

রবিবার সকাল ১০টার দিকে পিরোজপুর জেলার উপর দিয়ে ব্যাপক ঘূর্ণিঝড় বয়ে যায়। এসময় শিলাবৃষ্টি, বৃষ্টিপাত এবং ব্যাপক বজ্রপাত হয়। ঝড় শুরুর আগমূহুর্তে আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে যেন দিনের আলো রাতের অন্ধকারে পরিণত হয়। রাস্তায় হেড লাইট জ্বালিয়ে গাড়ী চলতে দেখা যায়। এই বিরল ঘটনায় মানুষের মাঝে ভীতির সঞ্চার হয়।
ঝড়ে বহু ঘরবাড়ি ও গাছপালা ভেঙে যায়। গাছ ও ঘরের নিচে পরে শতাধিক মানুষ আহত ও এক মহিলা নিহত হন। নিহত মহিলা পিরোজপুর পৌর এলাকার মরিচাল গ্রামের মো. মিরাজের স্ত্রী রুবি বেগম (২৮) বলে রেডক্রিসেন্ট সূত্রে জানা গেছে। নিহত রুবি বেগম ঘর চাপা পড়েন, এসময় সে তার ছয়মাসের শিশু কন্যাকে বুকের দুধ খাওয়াচ্ছিলেন। শিশুটিও মারাত্মক আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
রেডক্রিসেন্ট আরো জানায়, পিরোজপুর পৌর এলাকার ১৪ জনসহ পুরো জেলায় শতাধিক ব্যক্তি ঘর ও গাছ চাঁপা পড়ে আহত হয়েছে। ঝড়ে শহরসহ পল্লী এলাকার বিদ্যুৎ ব্যবস্থা তছনছ হয়ে গেছে।


পিরোজপুর ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, শহর এবং শহরতলীর বিভিন্ন জায়গায় গাছ ভেঙে বৈদ্যুতিক লাইনের উপর পড়ায় তার ছিঁড়ে গেছে। বেশ কয়েকটি বৈদ্যুতিক খুটিও ভেঙ্গে গেছে। বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কর্মীরা কাজ করছে বলে সূত্র জানায়। কখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়।
পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হঠাৎ ঘূর্ণিঝড়ে গাছপালা উপড়ে পড়ে পিরোজপুরের সদর উপজেলা সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। এ সময় ১ জন নিহত হয়। ক্ষয়ক্ষতির পরিমান এখনো নির্নয় করা সম্ভব হয়নি।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial