স্বরূপকাঠিতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় তাসলিমা বেগম (৫০) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম সোহাগদল গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি এনজিও ঋণের কিস্তির বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছেন। তাসলিমা ওই গ্রামের মো. মোস্তফা মিয়ার স্ত্রী।
নিহতের মামা শশুর মো. আশ^াব আলী মিয়া জানান, অভাব অনটনের মধ্যে চলছিল তার ভাগ্নে মোস্তফার সংসার। মোস্তফার স্ত্রী তাসলিমাকে জামিনদার রেখে ছেলে মিরাজ একটি এনজিও থেকে ঋণ নেয়। বুধবার বিকেলে এনজিও কর্মীরা তাসলিমার বাসায় গিয়ে কিস্তি পরিশোধের জন্য মামলার ভয় দেখিয়ে চাপ দেয়। কিস্তির টাকা দিতে না পেরে তাসলিমা লজ্জায় ও ক্ষোভে আত্মহত্যার পথ বেছে নেয়।
নেছারাবাদ থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এনজিও এর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
