নৌকায় ভোট দিলে শেখ হাসিনাকে পাবেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন : শ ম রেজাউল করিম এমপি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, নৌকায় ভোট দিলে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাবেন, নৌকায় ভোট দিলে উন্নয়ন পাবেন। উন্নয়নের ধারাবাহিকতা থাকবে।
শনিবার বিকেলে নির্বাচনী এলাকার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী পথসভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, ‘আমি বিগত নির্বাচনে এই মাঠে দাঁড়িয়ে যে ওয়াদা আপনাদের করেছিলাম তা পুরণ করার চেষ্টা করছি। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের পরিবারের সদস্য, তাই আগামী নির্বাচনে আপনাদের একটি ভোট যেন নৌকার বাইরে না যায়।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার যদি প্রধানমন্ত্রী হন আর আমি যদি আবার আপনাদের প্রতিনিধি, আপনাদের এমপি নির্বাচিত হই, তাহলে এই জনপদে আবারও উন্নয়ন হবে। এখানে কোন সন্ত্রাস হবে না, কোন মাদক ব্যবসা হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করি- ভুল মানুষের হতে পারে তা ক্ষমা করে দেবেন। আমার দরজা সব সময় সবার জন্য খোলা ছিল। আমার সময় অযথা কাউকে মামলা দিয়ে হয়রানি শিকার হতে হয়নি। আগামীতেও হবে না ইনশাআল্লাহ।
মন্ত্রী আরো বলেন, এ দেশের যত উন্নয়ন হয়েছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে হয়েছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের আশা আকঙ্খার প্রতীক। তিনি আমাকে তার প্রতিনিধি করে আপনাদের কাছে পাঠিয়েছে। তার হাতের সই করা চিঠি মাধ্যমে আমি নৌকা প্রতীকের প্রার্থী হয়েছি। তাই আপনাদের ভোট নৌকা মার্কাতেই দিতে হবে। কেননা নৌকা শেখ হাসিনা প্রতীক, বঙ্গবন্ধু প্রতীক, স্বাধীনতার প্রতীক। সবাই নৌকা মার্কায় ভোট দিবেন, অন্য কোন মার্কায় না।
শেখমাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবেক ভিপি বায়েজিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার মনিরুজ্জামান আতিয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মতিউর।
এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফোরদাউস লুনা, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
