জবি উপাচার্যের মৃত্যুতে বশেমুরবিপ্রবিপি উপাচার্যের শোক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি) এর উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। শনিবার এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।
শোকবার্তায় বশেমুরবিপ্রবিপি উপাচার্য বলেছেন, ড. মো. ইমদাদুল হকের মৃত্যুতে দেশবাসী একজন বিশিষ্ট শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও দক্ষ প্রশাসককে হারাল। স্বনামধন্য এই গবেষকের মৃত্যু দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে বিশিষ্ট এই উদ্ভিদবিজ্ঞানীর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে বশেমুরবিপ্রবিপি উপাচার্য তাঁর শোকবার্তায় উল্লেখ করেন।
অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বশেমুরবিপ্রবিপি পরিবারের পক্ষ থেকে প্রয়াত উপাচার্যের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর স্ত্রী-সন্তানসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গত শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ড. মো. ইমদাদুল হক শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও এক কন্যাসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
২০২১ সালের ১ জুন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
