প্রধান সূচি

বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুতের মাটিতে পড়ে থাকা ছেড়া তার সরাতে গিয়ে ইয়েন খান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
সোমবার দুপুরে উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত মাদ্রাসা ছাত্র ইয়েন খান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের কামাল খানের ছেলে। সে টগড়া দারুল কোরান কামিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।
জানা যায়, দাখিল পরীক্ষা চলার কারণে মাদ্রাসা ছুটি থাকায় মাদ্রাসা ছাত্র ইয়েন গ্রামে ঘুরে ঘুরে ডাব কিনে বিক্রি করে। এসময় রাস্তায় বিদ্যুতের ছেড়া তার দেখে সাথে থাকা অন্য দুইজন চলে গেলেও ইয়েন হাত দিয়ে তার সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টগড়া গ্রামের ইউপি সদস্য আ. রাজ্জাক হাওলাদার জানান, পল্লী বিদ্যুতের লাইনের তার ছিড়ে মাটিতে পড়ে ছিল। রাস্তা পার হওয়ার সময় তার সরাতে গিয়ে সে মারা যায়।
ইন্দুরকানী পল্লী বিদ্যুতের ইনচার্জ ইসলাম উদ্দিন জানান, তার ছিড়ে পড়ে থাকার বিষয়টি আগে কেউ জানায় নি। পরে খবর পেয়ে দেখি ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসা ছাত্র মারা গেছে।
ইন্দুরকানী থানার উপ-পরিদর্শক আ. জলিল জানান, বিদ্যুতের লাইনের তার ছিড়ে রাস্তায় পড়ে ছিল। তিন জনের মধ্যে একজন হাত দিয়ে তার সরাতে গেলে বিদ্যুতায়িত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial