পিরোজপুরের কলাখালীতে একই রাতে তিন বাড়িতে চুরি
পিরোজপুর সদর উপজেলায় যেন চুরির হিড়িক পড়েছে। এক রাতে তিন বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। আর এসব চুরি ঘটনা রাত সাড়ে ৮টা থেকে রাত ১১টার মধ্যে সংঘঠিত হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।
সোমবার রাতে পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নের পুখুরিয়া ও দাউদপুর গ্রামের ৩টি বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়িগুলোতে কোন লোক ছিলনা। এ তিনটি বাড়ির লোকজন চিকিৎসার জন্য পিরোজপুরের বাইরে অবস্থান করার সুযোগে ঘরের তালা ভেঙ্গে চোরের দল ঘরে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে গেছে।
জানা গেছে, পুখুরিয়া গ্রামের বাসিন্দা বিসিক এর সাবেক জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান খানের বাড়িতে সোমবার রাতে চুরির ঘটনা ঘটে। তিনিসহ পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরের দল ঘরের দরজার তালা কেটে ও ভেঙ্গে ঘরে ঢুকে নগদ ২৫ হাজার টাকা ও ১ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। একই রাতে দাউদপুর গ্রামের মো. শহীদুল ইসলাম মাজেদ খানের বাড়িতে চোরের দল হানা দিয়ে ২২ হাজার টাকা এবং দেড় ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। মাজেদ খানও চিকিৎসার জন্য পিরোজপুরের বাইরে ছিল। একই রাতে দাউদপুর গ্রামের মুরফিয়া বেগমের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের তালা ভেঙ্গে নগদ ৭০ হাজার টাকা, সাড়ে তিন ভড়ি স্বর্ণলংকার ও ২২ ভড়ি রূপার অলংকার নিয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মো. শহীদুল ইসলাম মাজেদ খান জানান, বাড়িতে কোন লোক না থাকার সুযোগে তার বাড়ির কেচিগেট এবং দরজার তালা কেটে ঘরে ঢুকে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরের দল। এছাড়া একই রাতে আরও দুই বাড়িতে চুরির ঘটনা ঘটছে। আর এসব চুরির ঘটনা রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে হয়েছে বলে ধারণা।
তিনি আরও বলেন, এসব চুরির ঘটনার সাথে এলাকার লোকজন জড়িত। তারা আগে থেকেই খোঁজ নিয়েছে যে- কোন বাড়িতে লোকজন নেই।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, বাড়িতে কোন লোক না থাকার সুযোগে কলাখালীতে তিনটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় পুলিশী টহল অব্যাহত আছে। চুরির ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
