শতাধিক নেতা-কর্মীর জেপি থেকে পদত্যাগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় জেপির ৪ নেতাকে বহিষ্কারের অভিযোগ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ তিন ইউপি চেয়ারম্যানকে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) থেকে বহিষ্কার করা হয়েছে বলে অভিযোগ করেছেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার জাতীয় পার্টি -জেপি (মঞ্জু) এর বহিষ্কৃত ৪ নেতা।
বৃহস্পতিবার সকালে নদমুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগের সাথে সুসস্পর্ক থাকায় এবং গত ১৯ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ায় দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে তাদের রাজনৈতিক দূরত্বের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত ৭ মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে বহিষ্কার করা হয়।
দল থেকে বহিষ্কৃতরা হলেন জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ভান্ডারিয়া উপজেলা কমিটির উপদেষ্টা সাধারণ সম্পাদক এবং ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, সহ-সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহ-সভাপতি মো. ইউসুফ আলী আকন এবং সহ-সভাপতি ও নদমূলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আরিফ। তবে দল থেকে বহিষ্কারের আগে তাদের কোন শোকজ বা নোটিশ দেওয়া হয় নি বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে বহিষ্কৃত ৪ নেতা বলেন, তারা বর্তমানে জীবন নিয়ে শঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তবে তারা রাজনৈতিক স্থিতিশীলতা চান।
এদিকে ৪ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে জাতীয় পার্টি-জেপি (মঞ্জু) নেতা ইকড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদার, সাবেক চেয়ারম্যান তানভীর হোসেন বাবু, মো. শহিদুজ্জামান রাজু মল্লিক, মো. হুমায়ুন কবির বাদল সিকদার, মো. শাহজাহান তালুকদার, মোস্তফা সিকদার, গোলাম কবির নান্টু, জামাল উদ্দিন স্বপন, লিটন মুন্সি ও রাহাত জোমাদ্দারসহ উপজেলা জাতীয় পার্টি-জেপি ও অংঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী আনোয়ার হোসেন মঞ্জু এমপি’র নেতৃত্বাধীন জাতীয় পার্টি-জেপি থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলন শেষে তারা পদত্যাগ করেন।
